স্টাফ রিপোর্টার.
নার্সিং পেশায় চলমান সমস্যা সমাধান ও পেশার মান উন্নয়নে রংপুরে ৪ দফা দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ করেছে স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সোমবার সকালে নগরীর মেডিকেল মোড় এলাকায় ২০১৯ সালে প্রণীত নতুন কারিকুলাম বাতিল, নার্সিং প্রফেশনাল বিসিএস চালু, ইন্টার্নশীপ ভাতা ও স্টাইপেন্ড বৃদ্ধির দাবী এবং স্বাস্থ্য খাতে কারিগরি নার্র্সিংয়ের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তারেক আলম, সহ-সভাপতি হেদায়েত উল্লাহ বিপ্লব, সাধারণ সম্পাদক সায়েদা পারভীন, শিক্ষার্থী আল মাহমুদ, নাহিদা আক্তার, ধর্মেন্দ্র কুমার বর্মণ, সাবরিনা স্বর্ণা, বেবি নাজনীন।
সমাবেশে বক্তারা বলেন, নার্সিং পেশা বর্তমানে গভীর ষড়যন্ত্রের শিকার। কিছু অসাধু ব্যক্তি নার্সিং পেশাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছেন। সরকার এ পেশাকে এগিয়ে নিতে ২০০৬ সালে আন্তর্জাতিকমানের কারিকুলাম প্রণয়ন করে বিসিএস নার্সিং কোর্স চালু করে। কিন্তু ২০১৮ সালে সেই কারিকুলাম সংশোধন করে নার্সিং শিক্ষার্থীদের পেশার মান কমিয়ে দেয়া হয়। নার্সিং শিক্ষার্থীরা দিনরাত রোগীদের সেবা দিলেও তাদের ৬ হাজার টাকা ইন্টার্ন ভাতা দেয়া হয়। যা দিনমজুরের উপার্জনের তুলনায় অনেক কম। শিক্ষার্থী নার্সিং শিক্ষার্থীদের জন্য আলাদা বিসিএসের দাবী জানান। মানববন্ধন সমাবেশে রংপুর নার্সিং কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা সড়ক অবরোধ করে মানববন্ধন সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। পরে মহানগর পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেয় তারা। সমাবেশে দাবী আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।


0 comments:
Post a Comment