আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ও রংপুর বিভাগের সবচেয়ে কমবয়সী উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন। সোমবার(৮ এপ্রিল) নিজ বাড়িতে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে মুজিবকোর্ট পড়িয়ে দেন তার বাবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৩২ উপজেলা চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুরের বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে রংপুরের বিভাগীয় কমিশনার জয়নুল বারী শপথবাক্য পাঠ করান।
জানা গেছে, শপথগ্রহণ করা চেয়ারম্যানদের মধ্যে তুলনামুলক সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধার মশিউর রহমান মামুন। যিনি আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। মশিউর রহমান মামুন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুকে পরাজিত করে ২৮ হাজার ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ.লীগ মনোনীত লিয়াকত হোসেন বাচ্চু পেয়েছিলেন ২৫ হাজার ৬৬৫ ভোট।
বাবা-ছেলের জনপ্রতিনিধি হওয়া নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন বাবা ও ছেলের হাতেই হাতীবান্ধা পরিচালিত হবে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মামুনের বয়স ৩১ বছরেরও কিছুটা কম। ঢাকা কলেজ থেকে এমবিএ করা মামুন ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনের বাবা আতিয়ার রহমান আতি টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০১৬ সালে অনষ্ঠিত নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন তিনি।
শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে মশিউর রহমান মামুন বলেন, ‘আমি আপামর উপজেলাবাসীর দোয়া ও ভালোবাসায় তুলনামূলক কম বয়সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাই সকলেরই পরামর্শ ও সহযোগিতা নিয়েই হাতীবান্ধাকে নতুন করে সাজাতে চাই, হাতীবান্ধার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’



0 comments:
Post a Comment